সিলেটে গত মঙ্গলবার প্রকাশ্যে রামদা নিয়ে মিছিল করা ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করতে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং কেউ অভিযোগ করেননি, এমন অজুহাতে ঘটনার দুদিন পার হলেও থানায় কোনো মামলা হয়নি।
গতকাল বুধবার সিলেটে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ঘটনাটি সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু পুলিশ দেখেনি বলে এ ঘটনায় পুলিশ বাদী হয়েও মামলা করেনি। তবে কেউ অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে দেখবে।
এদিকে সিলেটে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে গতকাল উপজেলা সদরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীরা। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। প্রথম আলোতে গতকাল প্রকাশিত ‘রামদা নিয়ে কেন্দ্রকে স্বাগত জানাল সিলেট ছাত্রলীগ’ শীর্ষক সচিত্র প্রতিবেদনের বরাত দিয়ে তাঁরা অভিযোগ করেন, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের পদ দিয়ে প্রকৃত এবং ত্যাগী ছাত্রলীগ নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে।
কমিটিবিরোধী পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘আমরা কেন কমিটি বাতিল দাবি করছি, তার প্রমাণ রামদা মিছিলের মাধ্যমে গত মঙ্গলবার সিলেটবাসী দেখেছেন।’ তিনি বলেন, কমিটিতে ছাত্রদল ও শিবিরের অনুপ্রবেশ ঘটেছে। এ কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই বাতিলের দাবিতে একদফা আন্দোলন শুরু করেছেন প্রকৃত ছাত্রলীগ নেতা-কর্মীরা।
সিলেটে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার মিছিল করেছে ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক রায়হানের নেতৃত্বে ওই মিছিলে রামদা উঁচিয়ে অংশ নেন সংগঠনের অন্তত ৪০ জন কর্মী।
গতকাল বর্তমান কমিটির সভাপতি শাহরিয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবারের মিছিলের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ অবহিত হয়েছে। কেন্দ্রই এ বিষয়ে ব্যবস্থা নেবে। তিনি দাবি করেন, তাঁরা কমিটিতে কোনো সন্ত্রাসীর স্থান হয়নি। কোনো ছাত্রদল-শিবিরের অনুপ্রবেশকারী নেই।
২০১৪ সালের ৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও ছয়টি পদ ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রায় এক বছর পর ৫ ডিসেম্বর জেলা ছাত্রলীগের বিভিন্ন সম্পাদকীয় পদে আরও ১৩২ জনের নাম দিয়ে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা হয়। এ কমিটির বিরুদ্ধে জেলা ছাত্রলীগের একাংশ অবস্থান নিলে এ নিয়ে প্রকাশ্যে বিভক্তি দেখা দেয়।