অস্ত্রধারীরা চিহ্নিত না হওয়ায় জনমনে শঙ্কা
চট্টগ্রামে প্রকাশ্যে অবৈধ অস্ত্র ও গুলির ব্যবহার বাড়ছে। রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে সন্ত্রাসীরা কখনো পুলিশের ওপর চড়াও হচ্ছে; আবার কখনো রাজনৈতিক দলের কর্মীরা নিজ দলের কর্মীদের ঘায়েল করতে হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। পুলিশ কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে না পারায় জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী সম্প্রতি প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহারে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক আন্দোলন যা হবার হবে। কিন্তু প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না গেলে সামনের দিনগুলোতে আরও বাড়বে।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের শেষ সময়ে এসে বন্দরনগরে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে শুরু করেছে। প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মহড়া দিচ্ছেন সন্ত্রাসী ও রাজনৈতিক কর্মীরা। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, হাতে অস্ত্র না নিলেও অনেকে আত্মরক্ষা ও প্রয়োজনে প্রতিপক্ষকে ঘায়েল করতে সঙ্গে অস্ত্র রাখছেন।
নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সমাবেশ চলাকালে গত ৬ নভেম্বর বিকেলে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনায় এক কর্মীকে অস্ত্র হাতে নিয়ে অপর কর্মীর ওপর চড়াও হতে দেখা গেছে। কিন্তু পুলিশ বিএনপির সেই কর্মীকে শনাক্ত করতে পারেনি।
বিএনপির মতো ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরাও পিছিয়ে নেই প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারে। রেলের দরপত্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপ ঘটনার দিন ব্যবহার করেন নাইন এমএম পিস্তল, সিজেড ও পেট্রো ব্যরাটার মতো অত্যাধুনিক অস্ত্র। কিন্তু গ্রেপ্তার হওয়া বাবর লিমনসহ ৫৬ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনো অস্ত্রের হদিস পায়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, ‘অস্ত্র উদ্ধার ও তদন্ত অব্যাহত আছে। ঘটনায় ব্যবহূত অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দেননি রিমান্ডের আসামিরা। পলাতক আসামিদের ধরতে পারলে অনেক তথ্য বেরিয়ে আসবে।’
সর্বশেষ গত শনিবার নগরের পাহাড়তলী এ কে খান এলাকায় মুখে কাপড় বেঁধে হাতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় নামে অবরোধকারীদের সঙ্গে কিছু যুবক। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করলে মুখোশধারী যুবকেরা গুলি ছুড়ে। এ সময় রাহুল বড়ুয়া ও আনিসুর রহমান নামের পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘শনিবার দুপুরে এ কে খান এলাকায় অবরোধকালে পাঁচ-ছয়জন মুখোশধারী যুবকের হাতে অস্ত্র ছিল। তারা পুলিশকে লক্ষ্য করে যে গুলি ছুড়েছিল তাতে মনে হচ্ছে, পিস্তলের গুলি।’
এদিকে গত শনিবার নগরের জিইসি মোড় এলাকায় একটি পলিব্যাগে করে ৪০০টি টুটু বোর ও রাইফেলের গুলি নিয়ে যাওয়ার সময় আবুল হোসেন ও আনোয়ার হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে চকবাজার থানার পুলিশ। গুলিগুলো কী কাজে ব্যবহার হতো, তা খতিয়ে দেখছে বলে ওই থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান। প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, মুখোশধারী অস্ত্র ব্যবহারকারীদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে। ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। র্যাব-৭ চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা এএসপি মফিজুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত আছে।