অস্ত্রবাজি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাজনীতিতে অস্ত্রবাজির ধারা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশের সহায়তায় আগ্নেয়াস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছে। অস্ত্রবাজির এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে চট্টগ্রামের রাজনীতিতে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। গতকাল মঙ্গলবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। তিন পাবর্ত্য জেলা হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি পরীক্ষার্থীদের হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। গত সোমবার নগরের লালখান বাজারের সংঘর্ষের ঘটনার প্রতি ইঙ্গিত করে আমীর খসরু বলেন, সরকারি দল আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী আগে লাঠি, চাপাতি, দা ও ধারালো অস্ত্র নিয়ে মাঠে নামত। গত কয়েক দিন ধরে তারা শটগান ও পিস্তল নিয়ে একেবারে নগ্নভাবে আবির্ভূত হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে অস্ত্রধারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়ে আমীর খসরু বলেন, ‘অস্ত্রধারীরা যেভাবে নেমেছে তাতে আগামী দিনে চট্টগ্রামের রাজনীতিতে আশঙ্কা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ৭২ ঘণ্টার মধ্যে এসব চিহ্নিত অস্ত্রধারীদের গ্রেপ্তার করা না হলে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।’ সংবাদকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেউ যদি সাংবাদিকদের কার্যক্রমে বাধা দেয় তা গণতান্ত্রিক রীতিনীতি ও বিএনপির অবস্থানের বাইরে। তবে সাংবাদিকদের কিছু পেশাগত রীতিনীতি আছে। তবে সাংবাদিকরা দলবাজি করতে চাইলে তাঁদের রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ।