অস্ত্রবোঝাই সেই বিদেশি জাহাজ কলকাতা ছেড়ে এখন করাচির পথে
বেআইনি অস্ত্রশস্ত্র থাকা সন্দেহে গত ২৫ জুন পশ্চিমবঙ্গে ভারতীয় সমুদ্রসীমানা থেকে আটক হওয়া লাইবেরিয়ার মালবাহী জাহাজ এমভি ইজিয়ান গোরি দীর্ঘ ১২ দিন কলকাতা বন্দরে আটক থাকার পর অবশেষে গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা হয়েছে। এই জাহাজে করে এসেছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়া পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অস্ত্রশস্ত্র ও বিভিন্ন মালামাল। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর মালামাল চট্টগ্রাম বন্দরে খালাসের পর জাহাজটি নেপালের মালামাল খালাস করতে কলকাতা বন্দরে রওনা হয়। কিন্তু জাহাজটির কলকাতা বন্দরে প্রবেশের অনুমতি না থাকায় ভারতের উপকূল রক্ষীবাহিনী জাহাজটিকে আটক করে নিয়ে আসে ডায়মন্ডহারবারের অদূরে কালিচরণপুরে। পরে জাহাজে সন্ধান পাওয়া যায় প্রচুর অস্ত্রশস্ত্রের। কিন্তু ওই অস্ত্রশস্ত্রের সঙ্গে জাতিসংঘের প্রথম প্রদত্ত তালিকার মিল না পাওয়ায় ভারতের শুল্ক বিভাগ অস্ত্র রাখা বিভিন্ন কনটেইনার পরীক্ষার জন্য জাতিসংঘের অনুমতি চেয়ে চিঠি পাঠায়। পরে জাতিসংঘ জানিয়ে দেয়, ওই অস্ত্র নেপাল ও পাকিস্তানের। এরপর জাতিসংঘ থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র আসার পর শুল্ক বিভাগ জাহাজটি ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। গত বৃহস্পতিবার জাহাজটি কলকাতা বন্দর ছেড়ে করাচির উদ্দেশে রওনা হয়।