অস্ত্রসহ আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি র্যাবের
ফরিদপুরের সদরপুরে অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গত সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মো. দেলোয়ার হোসেন তালুকদার (৫২)। তিনি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামের বাসিন্দা।
দেলোয়ার হোসেন কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি কৃষ্ণপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও।
ফরিদপুর র্যাব কার্যালয় থেকে ই-মেইলে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, দেলোয়ার হোসেন তালুকদার একজন শীর্ষ সন্ত্রাসী। সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর (দেলোয়ার) দেওয়া তথ্য অনুযায়ী, আজ (মঙ্গলবার) সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বসতঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
তবে র্যাবের এ অভিযোগ নাকচ করে দিয়ে দেলোয়ারের ভাই ব্যবসায়ী লুৎফর তালুকদার প্রথম আলোকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, দেলোয়ার সন্ত্রাসী নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের সঙ্গে দেলোয়ারের বিরোধ চলে আসছে। দেলোয়ার অস্ত্রের রাজনীতি করেন না।