অস্ত্রসহ আটক ২৬ ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২৬ ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ ও ট্রাইব্যুনাল-১ এর বিচারক দেওয়ান মোহাম্মদ শফি উল্যাহ অস্ত্র আইনে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

আগামী ১১ মে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অস্ত্র মামলার ২৬ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার আগে গত রোববার সন্ধ্যায় এ মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামিকে কাশিমপুর কারাগার থেকে ফেনী কারাগারে নিয়ে আসা হয়।

সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, কয়েকজন আসামি এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে দেন। এ ছাড়া অপর কয়েকজন আসামি জামিনের আবেদন জানালে আদালত তাও নাকচ করে দেন।

২০১৫ সালের ৬ জুন ফেনী পৌর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা আটক করে। ৭ জুন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা মো. ইব্রাহিম বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (ঢাকা সিআইডি) স্থানান্তর করা হয়। ঢাকা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর ২৬ আসামির সবার বিরুদ্ধে অস্ত্র আইনে আদালতে অভিযোগ দাখিল করেন।