অস্ত্রসহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানার পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাইফুল ইসলামসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় সাইফুলের কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত অন্যরা হলেন সৈকত ওরফে বাবু (২২), জুয়েল হোসেন (১৯), পাভেল ওরফে অন্তু (১৮), সিরাজুল ইসলাম ওরফে ড্যানো (২০)। দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের জিয়াউর রহমান ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ছাত্রাবাসের ছাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্রসজ্জিত হয়ে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানে হয়। এ সময় একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ১৭-১৮টি রামদা।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সাইফুলের বিরুদ্ধে মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্র আইনে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, গত বছর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের রেষারেষি চলছে। অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।