বরিশাল নগর থেকে অস্ত্রসহ মাহবুবুল আলম (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলিভর্তি দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ গেট চৌমাথা এলাকা থেকে তাঁকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। মাহাবুবুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমপুর গ্রামে। কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র বিক্রির জন্য কোনো একটি দল বরিশালে এসেছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল নগরে অভিযান চালায়। নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ গেট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, মাহবুবুল আলম অস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।