অস্ত্রসহ গ্রেপ্তার যুবক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের খাসিয়াপল্লিতে গ্রেপ্তার হওয়া স্টেলিন তারিয়াংকে (৩২) জেলে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার হওয়া স্টেলিন তারিয়াংয়ের বাড়ি সংগ্রাম পুঞ্জিতে। তাঁর বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, একটি কাটা বন্দুক, একটি স্নাইপার গান, ২৩টি গুলি, দুটি বড় রাম দা, একটি ছোরা ও তিনটি খাসিয়া দা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার দিবাগত রাতে সংগ্রাম পুঞ্জির নিরালা তাংসাংয়ের বাড়িতে গোপন বৈঠক চলছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালালে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত চার-পাঁচজন সন্ত্রাসী পেছনের দরজা দিয়ে ভারতের সীমানার দিকে পালিয়ে যায়। এ সময় স্টেলিন তারিয়াংকে আটক করা হয়। সন্ত্রাসীদের গুলিতে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, এসআই রাজিব মণ্ডল, এসআই বদিউজ্জামান, এএসআই আশরাফ হোসেন, এএসআই নূরে আলমসহ দুজন কনস্টেবল আহত হন।