অস্ত্রসহ চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে গত রোববার গভীর রাতে নুরুল ইসলাম ওরফে সবুজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, নুরুল ইসলাম চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৩১টি মামলা রয়েছে।
নুরুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে। গ্রেপ্তার করার পর গতকাল সোমবার মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিয়ার রহমানের আমলি আদালতে তাঁকে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামের ভাষ্যমতে, একটি হত্যা ও অস্ত্র মামলায় ১৩ বছর কারাভোগের পর চলতি বছর ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান নুরুল ইসলাম। তিনি মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। চরমপন্থীদের সংগঠিত ও পার্টিকে শক্তিশালী করতে তিনি ওই বাড়িতে গোপন বৈঠক ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতেন। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শোবার ঘরের পাশের একটি কক্ষে নারকেলের ছোবরার মধ্যে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তবে নুরুল ইসলামের পরিবার দাবি করেছে, জামিনে মুক্তি পাওয়ার পর নুরুল ইসলাম প্রতিদিন মেহেরপুর থানায় হাজিরা দিতেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিজ গ্রামে না গিয়ে মেহেরপুর শহরে ভাড়া বাড়িতে থাকতেন। গত রোববার থানায় হাজিরা দিতে গেলে পুলিশ তাঁকে আটক করে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে এসআই সুফল বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।