অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চট্টগ্রাম নগরের রুবি গেট এলাকা থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে। বায়েজিদ থানার পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম (২৮), মো. বেলাল (২৬), আবদুল কাদের (৩০) ও আশিকুর রহমান (৩০)। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহূত একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়। গ্রেপ্তার হওয়া কালামের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, পুলিশ তাঁদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দিলে না থামিয়ে তাঁরা পালিয়ে যেতে থাকেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।