জাহাজের পুরোনো জ্বালানি তেল খালাসের সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় ছাত্রলীগের এক ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পুলিশ নগরের সদরঘাট থানার আনু মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালায়। পুলিশি অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ক্যাডারের নাম জাহাঙ্গীর আলম। তাঁর কাছ থেকে ছয়টি গুলিসহ একটি এলজি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তিনি সহযোগীদের নিয়ে গভীর রাতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেন। তিনি ওই এলাকায় ইতিপূর্বেও ব্যাপক চাঁদাবাজি করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ।
আনুমাঝিঘাটের পুরোনো তেলের ব্যবসায়ী মেসার্স অনামিকা ইন্টারন্যাশনালের মালিক শেখ নওশাদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীরের নেতৃত্বে ইকবাল, সুমন ও দিদার আমার প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় ঘাটে জাহাজের পুরোনো তেলের খালাস-প্রক্রিয়া চলছিল। প্রতিটি নৌকা থেকে তেল খালাস বাবদ তারা পাঁচ লাখ টাকা দাবি করে। এ নিয়ে বাগিবতণ্ডা চলছিল। হঠাৎ করে পুলিশ এসে জাহাঙ্গীর আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। মুহূর্তের মধ্যেই ইকবালসহ অন্যরা পালিয়ে যায়।’
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘অস্ত্র নিয়ে আনুমাঝিরঘাট এলাকায় কিছু যুবক অবস্থান করছিল বলে আমরা খবর পাই। গভীর রাতে দ্রুত অভিযান চালিয়ে আমরা জাহাঙ্গীর আলম নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।’