অস্ত্রসহ তিন ‘ডাকাত’ গ্রেপ্তার
অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়ার পর তিন ব্যক্তি ধরা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার ভোরে নগরের বায়েজিদ থানার নয়ারহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, একটি ছোরা ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন মো. ফোরকান (২৮), মো. মান্নান প্রকাশ মান্নান ডাকাত (২৮) এবং মো. জসিম (২৭)। এ সময় তাঁদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। বায়েজিদ থানা সূত্র জানায়, ফোরকানের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র আইনে একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ফোরকান ও মান্নান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনার বর্ণনা দিয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, চালিতাতলীর দিক থেকে আসা অটোরিকশাটিকে থামার সংকেত দিলে তা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।