অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্রসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রক্টর দপ্তরে ভাঙচুর এবং ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। আটক নেতারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম ওরফে আসিফ ও সাবেক যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম। তাঁরা দুজনেই রোববার সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবদুল মুহিত ও ইমরান নামের দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন।
ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল বেলা ১২টার দিকে সালাম ও আসিফ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের আটক করে।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, সালামের কাছ থেকে একটি ম্যাগাজিন ও তিনটি গুলি এবং ৭.৬৫ এমএম বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্সবিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তাঁরা দুজন জড়িত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ক্যাম্পাসে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।