অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে বিদেশি পিস্তলসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রক্টরের দপ্তরে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ঢাকা-রাজশাহী মহাসড়কও অবরোধ করেছেন।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম ওরফে আসিফ ও সাবেক যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম।
বর্ধিত ফি প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে দেখা গেছে সুদীপ্ত সালামকে। এর আগে ২০১৩ সালের ২১ এপ্রিল পিস্তল ও বান্ধবীসহ নগরের সাধুর মোড় এলাকা থেকে সালামকে আটক করে নগরের বোয়ালিয়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আখতারুল ইসলাম ও সুদীপ্ত সালাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বিদেশি পিস্তলসহ আটক করে।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া জানান, ছাত্রলীগের দুই নেতার কাছ থেকে একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। দলীয় নেতাদের গ্রেপ্তার করার প্রতিবাদে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, তন্মায়ানন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে যান। ভবনের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান কথা বলতে এলে তাঁর সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাঁরা প্রক্টরের অফিসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে দলীয় নেতাদের গ্রেপ্তার করার প্রতিবাদ জানান এবং ক্যাম্পাসে পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তাঁরা প্রক্টরিয়াল বডির সদস্যদের গালাগাল করেন এবং চেয়ার ও জানালার কাচ ভাঙচুর করতে থাকেন। পরে তারা প্রশাসন ভবনের নিচতলায় জনসংযোগ দপ্তরের প্রশাসকের কক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসেও ভাঙচুর চালান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের দুই পাশে দুই কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। এরপর বেলা পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসন ভবনের তালা খুলে দেওয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘সাংগঠনিক কাজে ক্যাম্পাসের বাইরে আছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’