অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আহত পুলিশ চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চট্টগ্রাম কলেজের পাশে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনকে ধরা হয় নর্দমা থেকে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে পুলিশ এ অভিযান চালায়।এর আগে ছিনতাইকারীদের হাতে কোতোয়ালি থানার চকবাজার ফাঁড়ির এক পুলিশ সদস্য আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন মোহাম্মদ সোহেল (৩৩) ও মোহাম্মদ শুক্কুর (২২)। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লায়। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে দুটি কিরিচ, একটি এলজি ও দুটি গুলি রয়েছে। নগরের মিয়াখাননগরে তাঁদের আস্তানা বলে পুলিশ নিশ্চিত হয়েছে।পুলিশ সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে পাঁচজন সশস্ত্র ছিনতাইকারী চট্টগ্রাম কলেজের দক্ষিণে সড়কের মুখে অবস্থান করছিল। এ সময় চকবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসিরউদ্দিন ধাওয়া করে একজনকে ঝাপটে ধরে ফেলেন। এরপর অন্যরা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইটের টুকরো দিয়ে নাসিরের মাথায় আঘাত করে ওই ছিনতাইকারীকে ছাড়িয়ে নেয়। মাথায় আঘাত পাওয়ার পর বেতার বার্তায় থানার কাছে সাহায্য চান নাসির। এ সুযোগে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে নর্দমায় নেমে আবার এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে ফেলেন নাসির। ঘটনার বর্ণনা দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মাথায় আঘাত নিয়ে এএসআই নাসির আমাদের কাছে বেতার বার্তায় সাহায্য চেয়েছিলেন। এরপর কয়েকজন কর্মকর্তাসহ আমি দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাই। এর মধ্যে আহত নাসির নর্দমায় নেমে একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘেরাও করে আরও একজনকে ধরে ফেলি। তাঁদের কাছ থেকে গুলিসহ এলজি ও কিরিচ জব্দ করি।’ ওসি মহিউদ্দিন আরও বলেন, ‘এএসআই নাসির চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ পুলিশ সূত্র জানায়, শুক্রবার গভীর রাতের ঘটনায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।