অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেপ্তার
চকরিয়া থানাধীন রামপুর ইউনিয়নের চিলখালী এলাকায় অভিযান চালিয়ে র্যাব পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজন জলদস্যুকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. রুবেল (১৮), মো. আবু হাসেম (২০), রুহুল কাদের (৪০), মাহাদুল করিম (২০) ও দিদার হোসেন (২০)। তাঁদের কাছ থেকে দুটি এলজি, দুটি রাইফেল (ওয়ান শটগান), একটি এক নলা বন্দুক, ৩০৩ রাইফেলের চারটি গুলি, শটগানের পাঁচটি কার্তুজ, পাঁচটি টর্চলাইট ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই স্থানে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জলদস্যুরা সাগরে ডাকাতি করার জন্য চিলখালীর নাগু মিয়ার ঘেরে অবস্থান নিয়েছিলেন। র্যাব ওই স্থানে হানা দিলে জলদস্যুরা পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়।