অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মতিনপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে সন্ত্রাসী মো. আজগরকে (২৮) অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে বেগমগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আজগর ওই ইউনিয়নের হরিবল্লবপুর গ্রামের মৃত হাসান মাঝির ছেলে এবং বেগমগঞ্জের পশ্চিম অঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী বাশার মেম্বার বাহিনীর অন্যতম সহযোগী।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, সন্ত্রাসী আজগর হরিবল্লবপুর গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছেন। যার ভিত্তিতে থানা-পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী আজগরকে আটক করে।
আজগরের বিরুদ্ধে ওই এলাকার আলমগীর হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। শনিবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।