অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মো. আলাউদ্দিন (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, অবৈধ অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আলাউদ্দিন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য এবং দক্ষিণ রায়পুর গ্রামের এনায়েত উল্যাহ মাস্টারের ছেলে।

এ বিষয়ে আলাউদ্দিনের বড় ভাই মো. সালাউদ্দিন ও তাঁর ভাবি ইয়াছমিন সুলতানা বলেন, ‘দুপুর ১২টার দিকে র‌্যাবের পোশাক পরা পাঁচ-ছয়জন লোক বাড়ির ভেতর ঢুকেই আমাদের দুজনকে ঘরের দুটি কক্ষে আটক করে দরজা লাগিয়ে দেয়। পরে আলাউদ্দিনের কাছ থেকে দুটি অস্ত্র ও গুলি পাওয়া গেছে বলে র‌্যাব আমাদের জানিয়েছে।’ সালাউদ্দিন দাবি করেন, প্রতিবেশী মো. হুমায়ুনদের সঙ্গে তাঁদের জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। তারা আগেও মিথ্যা তথ্য দিয়ে তাঁর ভাইকে রায়পুর থানা-পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। ওই প্রতিবেশীরা এবার তাঁর ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন।

এ বিষয়ে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, র‌্যাব অস্ত্রের বিষয়টি নিশ্চিত হয়েই অভিযান চালিয়েছে।