অস্ত্রাগার পাহারায় থাকা পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু
দিনাজপুর পুলিশ লাইনে অস্ত্রাগার পাহারার দায়িত্বে থাকা মো. আশরাফুল ইসলাম (৩০) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, দায়িত্ব পালনকালে গত সোমবার গভীর রাতে রাইফেল দিয়ে পেটে গুলি চালিয়ে আশরাফুল আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কিশামত বিদ্যাবাগীশ গ্রামে। বাবার নাম মো. আফজাল হোসেন। দিনাজপুরের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, আশরাফুল (নম্বর ৬৩০) সাত বছর আগে চাকরিতে যোগ দেন। গত তিন বছর তিনি দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসানের ভাষ্যমতে, পুলিশ লাইনের অস্ত্রাগার পাহারা দেওয়ার সময় সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে আশরাফুল আকস্মিক নিজের নামে বরাদ্দ করা রাইফেল দিয়ে নিজের পেট লক্ষ্য করে সাতটি গুলি করেন। চারটি গুলি তাঁর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। বাকি তিনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অস্ত্রাগারের দেয়ালে বিদ্ধ হয়। আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে ভর্তির প্রায় ১৫ মিনিট পর তিনি মারা যান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল আলম চৌধুরীর অধীনে আশরাফুলকে হাসপাতালে ভর্তি করা হয়। শামসুল আলম প্রথম আলোকে জানান, অস্ত্রোপচার কক্ষে যেসব চিকিত্সক ছিলেন, তাঁরা জানিয়েছেন, আশরাফুলের নাভিতে একটি, নাভির দুই পাশে দুটি এবং ঊরুতে একটি গুলি লেগে বেরিয়ে যায়। খবর পেয়ে এক মাস বয়সী একমাত্র শিশুপুত্র ওমর ফারুক রব্বানীকে নিয়ে আশরাফুলের স্ত্রী রাবেয়া খাতুন, বাবা মো. আফজাল হোসেন ও রাবেয়ার বাবা দিনাজপুরে আসেন। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় দিনাজপুর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে আশরাফুল ইসলামের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বিকেলেই পুলিশের একটি পিকআপ ভ্যানে করে তাঁর লাশ লালমনিরহাটে গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। রাবেয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, পারিবারিক অশান্তিই আশরাফুলের আত্মহত্যার মূল কারণ।