অস্ত্রের আঘাতে আহত পুত্রকে দেখতে এসে মায়ের মৃত্যু
রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের আলু ব্যবসায়ী এমদাদুল হককে বুধবার রাতে গুরুত্বর আহত করে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেল কেড়ে নিয়েছে। আহত এমদাদুলকে দেখতে এসে তাঁর মা সাহেরা খাতুন (৬০) হূদরোগে মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল শেষে থানার অফিসার ইনচার্জের (ওসি) অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারক লিপি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এমদাদুল হক বুধবার রাত সাড়ে ১১টায় তারাগঞ্জ বাজার থেকে ডিসকভার-১৩৫ সিসির একটি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি ফিরছিলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার খালেক হিমাগারের ২০০ গজ পশ্চিম দিকে পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁকে আটক করে। এরপর তাঁর মাথায় ছোরা দিয়ে মারাত্মক জখম করে মোটরসাইকেলটি কেড়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রাত ১২টায় স্থানীয় লোকজন এমদাদুলকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। তারাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক বলেন, আহত এমদাদুলকে তাঁর মা সাহেরা খাতুন রাত সাড়ে ১২টায় হাসপাতালে দেখতে এসে পুত্রের শোকে হূদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দায়ী করে গত ২৮ এপ্রিল বিকেল তিনটায় সাহেরা খাতুনের দাফন শেষে বিক্ষোভ মিছিল বের করে। তারা ঘনিরামপুর গ্রাম থেকে মিছিলটি নিয়ে এসে উপজেলা পরিষদের সামনে থানার ওসি রাফিউল আলমের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে।