অস্ত্রের মহড়া ও গুলি চালালেন সেই বাবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য শহীদুল ইসলাম ওরফে শামীমের কার্যালয় ও বাসার সামনে শনিবার রাতে ফাঁকা গুলি ছুড়েছেন যুবলীগের আরেক অংশের নেতা ও কর্মীরা। মাস খানেক আগে কারাগার থেকে মুক্তি পাওয়া যুবলীগের সেই কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তাঁর সঙ্গীদের শনিবার রাতে অস্ত্র নিয়ে মহড়া ও গুলিবর্ষণ করতে দেখা গেছে।

রেলের দরপত্র নিয়ে বিরোধের জের ধরে হেলাল আকবর চৌধুরী গত শনিবার রাতে নগরের পলোগ্রাউন্ড ও লাভলেইন এলাকায় এই কাণ্ড ঘটান বলে অভিযোগ রয়েছে। গুলিবর্ষণের সময় শহীদুল ইসলাম চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে পাঁচ-ছয়জন যুবক নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকার ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটে হানা দেন। সেখানে যুবলীগের নগর কমিটির সদস্য শহীদুল ইসলামের ব্যবসায়িক কার্যালয় অবস্থিত। অস্ত্রধারী যুবকেরা সেখানে চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে দ্রুত সটকে পড়েন। এর আধ ঘণ্টা পর একই যুবকেরা এক কিলোমিটার দূরে নগরের লাভলেইনের আবেদীন কলোনি এলাকায় হানা দিয়ে শহীদুল ইসলামের ফ্ল্যাট বাড়ির সামনে আরও দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।

ভীতি ছড়ানোর জন্য ফাঁকা গুলিবর্ষণ করা হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত ২৪ জুন নগরের সিআরবি এলাকায় রেলের দরপত্র নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে এক শিশু এবং যুবলীগের এক কর্মী নিহত হন। এ ঘটনার অন্যতম আসামি হেলাল আকবর পরদিন ২৫ জুন ঢাকা থেকে গ্রেপ্তার হন। গত ১৬ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।

ঘটনা প্রসঙ্গে শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হেলাল আকবর চৌধুরীর নেতৃত্বে অস্ত্রধারী যুবকেরা আমার ব্যবসায়িক কার্যালয় ও বাসার সামনে ফাঁকা গুলিবর্ষণ করে। রেলের দরপত্র নিয়ে মাথা না ঘামাতে ওরা আমাকে কয়েক দিন করে মুঠোফোনে হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে শনিবার রাতে তারা গুলি চালায়, যাতে আমি ভয় পাই। এমনকি ওরা আমাকে মেরেও ফেলতে পারে।’

শহীদুল ইসলাম নগর যুবলীগের সদস্য এবং রেলের ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে, যা চট্টগ্রাম দায়রা জজ আদালতে বিচারাধীন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পলোগ্রাউন্ড ও লাভলেইন এলাকায় ফাঁকা গুলিবর্ষণের খবর আমরা পেয়েছি। কারা গুলি ছুড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’