অস্ত্রের মুখে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে (১৫) অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তিন তরুণ ধর্ষণ করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল সূত্র ও ধর্ষণের শিকার ছাত্রী জানায়, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে নয়ানগর এলাকার নির্জন স্থানে ওত পেতে থাকা একই উপজেলার বদরপাশা গ্রামের ফেরদৌস শেখ (২২), রোমান মিয়া (২৫) ও অজ্ঞাত এক তরুণ অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তার মুখ বেঁধে ফেলে এবং পাশের গমখেতে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই শিক্ষার্থীর স্বজনেরা পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রাতে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠান।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে মেডিকেল পরীক্ষার প্রতিবেদন দেওয়া হবে।
ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দেবে। এ ঘটনার পর থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন আমার
মেয়ের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আমি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেন, ‘আসামিদের ধরার জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, অচিরেই তারা ধরা পড়বে।’