রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর টাকা ও মুঠোফোন অস্ত্রের মুখে ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ওই রাতেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মারুফ রহমান। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ও বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। মারুফ জানান, বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত কাজ শেষে হলে ফিরছিলেন। হবিবুর রহমান হলের মাঠ দিয়ে যাওয়ার সময় তিন-চারজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে চারদিক থেকে ঘিরে ধরে অস্ত্র বের করে এবং তাঁর কাছে যা আছে দিয়ে দিতে বলে। এতে তিনি অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক ম্যানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর বিষয়টি হলের আবাসিক শিক্ষার্থীরা জানতে পারলে রাত নয়টার দিকে হলের গেট থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে মিছিলকারীরা বিক্ষোভ করতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এসে শিক্ষার্থীদের শান্ত করেন। চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থীদের একটি লিখিত স্মারকলিপি দিতে বলেছি। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ক্যাম্পাসে এ ধরনের ঘটনা আবার যেন না ঘটে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।