অস্ত্রের মুখে শীর্ষ তিন কর্মকর্তার নির্দেশ পালনে বাধ্য হয়েছিলেন র্যাবের পাঁচ সদস্য। তাঁরা বলেছেন, ইচ্ছার বিরুদ্ধে এ কাজ করতে হয়েছে তাঁদের। শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার ক্ষমতা তাঁদের ছিল না। তাঁরা নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও এর দায় চাপিয়েছেন তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন ও এম এম রানার ওপর। জিজ্ঞাসাবাদে র্যাবেরপাঁচ সদস্য এমন বক্তব্য দিয়েছেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
আট দিনের রিমান্ডে (পুলিশি হেফাজত) নিয়ে র্যাবেরপাঁচ সদস্য হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক মো. বেলাল হোসেন ও হিরা মিয়া এবং সিপাহি আবু তৈয়ব আলী ও মো. আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ছিল রিমান্ডের প্রথম দিন। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাঁদের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, জিজ্ঞাসাবাদে র্যাবের পাঁচ সদস্য বিভিন্ন বিষয়ে কথা বলেছন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয়।
গত মঙ্গলবার গভীর রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে এমদাদ ও আবু তৈয়ব বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), আরিফ নৌবাহিনীর এবং ল্যান্স নায়েক মো. বেলাল হোসেন ও হিরা মিয়া আনসার বাহিনীর সদস্য। সাত খুনের ঘটনার পর আবু তৈয়ব ও হিরা মিয়াকে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছিল। এ নিয়ে র্যাব-১১-এর তিন শীর্ষ কর্মকর্তাসহ আটজন এই মামলায় গ্রেপ্তার হলেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় পৃথক হত্যা মামলা করেন।
নূর হোসেনকে আজ আবারও আদালতে তোলা হবে: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ১৩ দিনের জেল হেফাজত শেষে আজ শুক্রবার আবার আদালতে তোলা হবে। বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে শুনানিতে হাজির করা হবে তাঁকে। তবে নূর হোসেন আজ জামিনের আবেদন করবেন কি না, তা জানা যায়নি।
এর আগে ১৬ আগস্ট নূর হোসেনকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। আদালতে নিযুক্ত পুলিশের কর্মকর্তারা হাজির না করানোর কারণ জানাতে পারেননি। তবে সেদিন আদালত তাঁকে ১৩ দিনের জেল হেফাজতে পাঠান এবং মামলার নতুন তারিখ নির্ধারণ করেন ২৯ আগস্ট।
নূর হোসেন এখন দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগার সূত্রে জানা গেছে, স্বজনেরা তাঁর সঙ্গে দেখা করেছেন।
এদিকে নূর হোসেনের সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান নিম্ন আদালতে জামিন না পেয়ে বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। ১৮ আগস্ট খান সুমনের জামিন হয়। তবে এখনো তিনি কারাগার থেকে ছাড়া পাননি। আর ওহিদুর জামানের জামিনের আবেদনের শুনানি বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে ২ সেপ্টেম্বর হতে পারে।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে কৈখালি এলাকা থেকে গত ১৪ জুন দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ।