সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়রের অস্ত্রের লাইসেন্সটি বাতিল করা হতে পারে। তবে শটগানটি এখনো মেয়রের কাছেই আছে।
গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম তাঁর বড় ভাই সাইফুল ইসলামের মেয়ের গায়েহলুদে সবার সামনে খোলা আকাশে শটগানের গুলি ছোড়েন। গুলি ছোড়ার ওই দৃশ্য তাঁর ভাইয়ের ছেলে সাদমান আল সাকিব তাঁর ফেসবুক আইডিতে সরাসরি প্রচার (লাইভ) করেন।
কুষ্টিয়া রাইফেল ক্লাবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সর্বশেষ সরকারি বিধি অনুযায়ী লাইসেন্স করা অস্ত্র রাইফেল ক্লাব অথবা পুলিশের চাঁদমারিতে ব্যবহার করা যায়। এ ছাড়া গুলি ব্যবহারের পর খোসা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়ে দেখাতে হবে।
প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বছরখানেক আগে লাইসেন্স করা অস্ত্রের ব্যবহারের বিষয়ে বিধি না মানায় সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল করে অস্ত্র জব্দ করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এ ব্যাপারে আইন অমান্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র ব্যবহারের বিষয়টি বিধিসম্মত না হলে লাইসেন্স বাতিল করা হতে পারে।
জেলা সচেতন নাগরিক কমিটির (সনাকের) সভাপতি রফিকুল ইসলাম বলেন, বৈধ অস্ত্রের ব্যবহারবিধি রয়েছে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ এ ধরনের কাজ প্রত্যাশা করে না। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেকে এ ধরনের কাজ করতে পারে।