অস্ত্রোপচার চালু হয়নি ৪৩ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় ৪৩ বছরেও কোনো অস্ত্রোপচার হয়নি বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অস্ত্রোপচার কক্ষে থাকা কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নিচতলা ও দোতলায় দুটি অস্ত্রোপচার কক্ষ আছে। দুটিই বন্ধ। দীর্ঘদিন ধরে কক্ষের মেশিন অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তারা জানান, ১৯৭২ সালে উপজেলার পাঁচটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষকে সেবা দেওয়ার জন্য গৈলা এলাকায় ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় একটি অস্ত্রোপচার কক্ষ স্থাপন করা হয়। ২০০৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫১ শয্যায় উন্নীত করা হয়। তখন দোতলায় আরেকটি অস্ত্রোপচার কক্ষ নির্মাণ করা হয়। কিন্তু একজন করে শল্যচিকিৎসক ও অবেদনবিদের অভাবে গত ৪৩ বছরেও এখানে কোনো অস্ত্রোপচার করা যায়নি।

দপ্তর সহকারী আনোয়ার হোসেন জানান, ২০০৪ সালে নতুন ভবনের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ (অস্ত্রোপচার পরবর্তী) কক্ষসহ পাঁচটি কক্ষ নিয়ে তৈরি করা হয় একটি অত্যাধুনিক অস্ত্রোপচার ইউনিট। ওই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় কোটি টাকার মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন করে। কিন্তু কোনো বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অস্ত্রোপচার ইউনিটটি আজও চালু করা সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অস্ত্রোপচার কক্ষের জন্য জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ছয়জন রোগীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। চাত্রীশিরা গ্রামের আলম বক্তিয়ার (৪০) বলেন, এখানে অল্প খরচে অস্ত্রোপচার করা যেত। একই অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা বরিশালে করতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হয়।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, এ হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ চালু করতে শল্যচিকিৎসক ও অবেদনবিদ নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর বহুবার আবেদন করা হয়েছে। একাধিকবার সংসদ সদস্যের সুপারিশসংবলিত চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সমাধান মেলেনি।