অস্ত্রোপচার ছাড়াই কোলজুড়ে তিন সন্তান

গাইবান্ধার সাঘাটা উপজেলার এক গৃহবধূ স্বাভাবিকভাবে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ওজন কম হওয়ায় চিকিৎসকেরা তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তা পারছে না দরিদ্র পরিবারটি।
ওই গৃহবধূর নাম পাপিয়া বেগম (২৫)। তিনি উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের আকাশ মিয়ার স্ত্রী।
পরিবার জানায়, পাপিয়া বেগম ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামের আবদুল কাফির মেয়ে। দেড় বছর আগে তাঁর সঙ্গে আকাশ মিয়ার বিয়ে হয়। তিনি ঢাকায় রিকশাভ্যান মেরামতের কাজ করেন। গত শনিবার সকালে প্রসব বেদনা উঠলে পাপিয়াকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুরে তিনি অস্ত্রোপচার ছাড়াই তিনটি ছেলেসন্তানের জন্ম দেন।
তবে নবজাতকদের একটি মাত্র ৭০০ গ্রাম ও অপর দুটির ওজন এক কেজি করে। ওজন কম হওয়ায় বিকেলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় রোববার বিকেলে মা ও নবজাতকদের ঝড়াবর্ষা গ্রামে নিয়ে আসা হয়।
গতকাল সোমবার বিকেলে ঝড়াবর্ষা গ্রামে গিয়ে দেখা যায়, পাপিয়াদের বাড়িতে উৎসুক জনতার ভিড়।
একসঙ্গে তিন সন্তান জন্মদানের অনুভূতি জানতে চাইলে পাপিয়া বেগম বললেন, ‘এই প্রথম আমাদের সন্তান হলো। চেয়েছিলাম একটি। কিন্তু আল্লাহ আমাকে তিনটি সন্তান দিয়েছে। আমি খুবই খুশি। আপনারা দোয়া করেন, আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুক।’
নবজাতকদের বাবা আকাশ মিয়া প্রথম আলোকে বললেন, ‘চিকিৎসকেরা বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে বলেছেন। কিন্তু নিয়ে যাব কীভাবে? যা আয় করি তা দিয়ে সংসার চলে না।’
জানতে চাইলে গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী গতকাল সন্ধ্যা ছয়টায় মুঠোফোনে বলেন, ওই শিশুরা ভালো আছে। তবে ওজন কম থাকায় ঝুঁকিও আছে। তিনি আরও বলেন, ওদের ভালোভাবে দেখভাল ও উন্নত চিকিৎসা করতে হবে। পরিবার চাইলে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওই নবজাতকদের ঢাকায় পাঠানো যেতে পারে বলে জানান তিনি।