অস্ত্রোপচার সম্পন্ন, চোখ ভালো না হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ছোড়া কলমে আঘাত পাওয়া ছাত্র মো. গোলাম রাব্বির চোখের অস্ত্রোপচার গতকাল সোমবার ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে করা হয়েছে। তবে আশঙ্কা কাটেনি। তাঁর চোখ ভালো হবে কি না, তা আজ (মঙ্গলবার) নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে রাব্বির জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া হবে কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তার স্বজনেরা।
গতকাল সোমবার সকালে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। তবে এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ঢাকায় রাব্বির সঙ্গে থাকা তার মামা মো. শাহজাহান মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, রাব্বির চোখের মণি দুই ভাগ হয়ে গেছে। গতকাল দুই ঘণ্টা ধরে তার চোখের অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার শেষ হওয়ার পর চিকিৎসকেরা তার চোখ ভালো হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি। চিকিৎসকেরা আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। চিকিৎসকের বরাত দিয়ে শাহজাহান বলেন, রাব্বির চোখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র ২৫ শতাংশ। রাব্বি কর্নিয়ায় আঘাত পেয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ওই ছাত্রটির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছি। দুই শিক্ষক তাকে দেখতে ঢাকায় গেছেন। রাব্বির চিকিৎসার খরচ বিদ্যালয় পরিচালনা কমিটি বহন করবে। অভিযুক্ত শিক্ষকের ঠিকানায় তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়েছে।’
গত রোববার দুপুরে জেএসসির মডেল টেস্ট চলাকালে শিক্ষক সুব্রত সরকারের ছোড়া কলমে গোলাম রাব্বির বাঁ চোখে আঘাত লাগে। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।