শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
অস্ত্রোপচারের জন্য রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য এক রোগীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা উদ্ধার করে রোগীর স্বজনদের ফেরত দিয়েছে।
গত রোববার এ ঘটনা ঘটে। রোগীর স্বজনেরা বলেন, গত ১৮ অক্টোবর গাজীপুরের হায়দরাবাদ এলাকার মো. খলিল মিয়ার ছেলে মেহবুব হাসান (১২) টনসিলের ব্যথা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক মোস্তফা কামাল ওই রোগীকে চিকিৎসা দেন। মেহবুব অসুস্থ হয়ে পড়লে ৩ নভেম্বর চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। তিনি ১৫ দিন পর অস্ত্রোপচার করার কথা জানান।
কিন্তু মেহবুবের অবস্থা খারাপ থাকায় তার মা মাজেদা বেগম শিগগির মোস্তফা কামালকে অস্ত্রোপচার করার অনুরোধ করেন। তখন মোস্তফা মাজেদাকে তাঁর ব্যক্তিগত পিয়ন আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলতে বলেন। অস্ত্রোপচারের জন্য মামুন তাঁর কাছে আট হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধে ছয় হাজার টাকায় রাজি হন।
তবে হাসপাতালের দুজন নার্স বলেন, মামুন হাসপাতালের কর্মচারী নন। মোস্তফা তাঁকে ব্যক্তিগত উদ্যোগে রেখেছেন।
এরপর গত রোববার দুপুরে মেহবুবের অস্ত্রোপচার হয়। ওই দিন আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন না। মামুনের সঙ্গে মেহবুবের স্বজনেরা যোগাযোগ করলে তিনি খুকি আক্তার নামে এক নারীর কাছে টাকা দিয়ে দিতে বলেন। তাঁরা খুকিকে টাকা দেন।
এদিকে, টাকা নেওয়ার ঘটনাটি জানতে পেরে হাসপাতালের সহকারী পরিচালক মো. কমর উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি আমীর হোসাইন ঘটনাস্থলে যান। তাঁরা আবদুল্লাহ আল মামুনকে টাকা ফেরত দিতে বলেন। পরে খুকির কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাজেদা বেগম বলেন, অস্ত্রোপচারের জন্য দেওয়া ছয় হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা ফেরত পেয়েছেন। বাকি এক হাজার টাকার ওষুধের খরচ বাবদ রেখে দেওয়া হয়েছে। এ ব্যাপারে চিকিৎসক মোস্তফা কামাল বলেন, কোনো রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তিনি জানেন না। এ ছাড়া রোগীর স্বজনেরাও বিষয়টি তাঁকে জানাননি।
হাসপাতালের সহকারী পরিচালক মো. কমর উদ্দিন বলেন, বহিরাগত মামুন ও খুকি যাতে হাসপাতালে প্রবেশ না করতে পারে, সে জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।