অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠছে মুক্তামণি

অস্ত্রোপচারের ধকল খানিকটা কাটিয়ে উঠেছে মুক্তামণি। ফিরে পাচ্ছে মনের জোর। গতকাল রোববার চিকিৎসক ও মুক্তামণির বাবা জানিয়েছেন এসব কথা।
রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে গত শনিবার। তার ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার অস্ত্রোপচার শেষে ব্রিফিংয়ে চিকিৎসকেরা জানান, প্রাথমিকভাবে অস্ত্রোপচার সফল হয়েছে। হাত রক্ষা করা গেছে। তবে শরীর থেকে সব টিউমার সরাতে আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী অস্ত্রোপচারের সময় ঠিক করা হবে।
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর রহমত, চিকিৎসকদের চেষ্টা আর কোটি কোটি মানুষের দোয়ায় মেয়ে আমার অনেক ভালো আছে। কাল (শনিবার) অপারেশনের পর জ্ঞান ফিরেই কথা বলেছে। আজ (রোববার) বারবার জানতে চাইছে, ও ভালো আছে কি না। ওর শরীরটা তো এখন অনেক হালকা হয়ে গেছে। এখন হাতে যন্ত্রণা থাকলেও ভালো আছে। সকালে স্যুপ খেয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন বলেন, ‘মুক্তামণি ভালো আছে। আমি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) গেলে নিজে থেকেই বলে, আমি ভালো আছি। খিদে লেগেছে।’ তিনি জানান, এখন থেকে অল্প অল্প করে স্বাভাবিক খাবার খাওয়া শুরু করতে পারবে মুক্তামণি।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।