অস্ত্রোপচারের পর সুচ বের না করার মামলায় দুজনের অব্যাহতি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীর থেকে সুচ বের না করার অভিযোগে করা মামলায় অব্যাহতি পাওয়া দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।

ওই দুই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপরোস্কোপিক জেনারেল সার্জন মো. সুরমান আলী এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন জি এম জাকির হোসেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়া দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন মামলা আদালত খারিজ করে দিয়েছেন। ফলে দুই চিকিৎসক অব্যাহতি পাওয়াটাই বহাল থাকল।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী আজ বিকেলে জানান, এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
২০১২ সালের ৩০ মে বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে। একই বছরের ৩০ জুন ভারতের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে সেই সুচ বের করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম আদালতে মামলা করেন। তদন্ত শেষে পাঁচলাইশ থানার পুলিশ দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে একই বছরের ৩০ মে। ২০১৪ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে দুই চিকিৎসককে মামলা থেকে অব্যাহতি দেন।
এ আদেশের বিরুদ্ধে দেলোয়ারা বেগম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেন। আদালতের আদেশটি পুনর্বিবেচনার আবেদন করেন তিনি।