অস্ত্রোপচারের পর সুস্থ অ্যাসিডদগ্ধ শেলী
সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ শেলী আক্তারের অস্ত্রোপচার হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেলীর অস্ত্রোপচার করেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দে। অস্ত্রোপচারের মাধ্যমে শেলীর শরীরের কয়েকটি স্থানে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দে প্রথম আলোকে বলেন, সকাল আটটায় অস্ত্রোপচার শুরু করা হয়। শেলীর মাথা, মুখ, বুক, দুই হাতের বাহুতে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। শেলীর দ্বিতীয় দফায় আর অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সেটি কিছুদিন পর বোঝা যাবে।
শেলীর চিকিৎসার যাবতীয় ব্যয় অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে। আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁর পুনর্বাসনেও পাশে থাকবে প্রথম আলো।
গত ২৬ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় ‘তালাকের প্রতিশোধ’ নিতে ঘুমন্ত সাবেক স্ত্রী ও শাশুড়ির ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান শেলীর সাবেক স্বামী জাহাঙ্গীর। ২৯ সেপ্টেম্বর তাঁকে ঢাকার রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাহাঙ্গীর বর্তমানে কারাগারে আছেন।