অস্ত্রোপচারের পর সুস্থ শিশুটি মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কোলে সুস্থ মোহাম্মদ আলী l প্রথম আলো
মায়ের কোলে সুস্থ মোহাম্মদ আলী l প্রথম আলো

মোহাম্মদ আলী এখন পুরোপুরি সুস্থ। সাড়ে চার মাসের শিশুটি মায়ের কোলে আপন মনে হাত-পা নাড়ছিল। তা দেখে মায়ের মুখে হাসি। চিকিৎসকের চেহারায় স্বস্তি। অপূর্ণাঙ্গ জোড়া লাগানো যমজ হিসেবে জন্ম নিয়েছিল সে। জটিল অস্ত্রোপচার শেষে এক মাস পর সুস্থ করে তাকে মায়ের কোলে তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকেরা।
রাজধানীর বিএসএমএমইউর ডা. মিল্টন হলে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান সুস্থ মোহাম্মদ আলীকে মায়ের কোলে তুলে দেন। তিনি বলেন, মোহাম্মদ আলী এখন পুরোপুরি সুস্থ।
অধ্যাপক কামরুল বলেন, ‘আমাদের জন্য আজ একটি বিশেষ দিন। আমরা নতুন মোহাম্মদ আলীকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। দেশে যে এ ধরনের চিকিৎসাসেবার সুযোগ রয়েছে, তা সব মানুষের জানা নেই। যেকোনো অস্ত্রোপচারে আমাদের আশঙ্কা থাকে। আলীর অস্ত্রোপচারে আশঙ্কা একটু বেশি ছিল। তবে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।’
বাগেরহাটের দিনমজুর মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তানের জন্ম দেন। জেলার রামপাল থানার শোলাকুড়া গ্রামের বাড়িতে হীরামনি স্বাভাবিক প্রক্রিয়ায় যমজ সন্তানের জন্ম দেন। গত ২০ জুন সকাল পর্যন্ত আলীর শরীরে সঙ্গে জোড়া লেগে ছিল অর্ধেক অংশ নিয়ে একটি অপূর্ণাঙ্গ শিশু। অপূর্ণাঙ্গ অংশটির মাথা, বুক ও দুই হাত নেই। অস্ত্রোপচারের পর তা ফেলে দেওয়া হয়। আলী ওই দম্পতির চতুর্থ সন্তান।
আলীর মা হীরামনি প্রথম আলোকে বলেন, জন্মের পর সন্তানের এমন অস্বাভাবিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন।
১৮ সদস্যের চিকিৎসকেরা অপূর্ণাঙ্গ যমজ শিশু আলীর অস্ত্রোপচার করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান মো. রুহুল আমিন। তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘সাম্প্রতিক সময়ে জোড়া লাগানো শিশুর সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। আগেও এ ধরনের শিশুরা জন্ম নিত। জন্মের পরই হয় ওই শিশুরা মারা যেত বা মা-বাবা এদের লুকিয়ে রাখতেন। বাবা-মায়ের ঘাড়ে দোষ চাপানো হতো “ডাইনি” বলে। এ ধরনের জোড়া লাগানো শিশুদের খোঁজ পেলে আমরা অস্ত্রোপচার করতে প্রস্তুত।’
সন্তানকে কোলে নিয়ে আনন্দে ভাসছিলেন মা হীরামনি। বললেন, ‘ভাবিনি, আমার সন্তান আমার কোলে ফিরে আসবে।’ ধন্যবাদ হাসপাতাল কর্তৃপক্ষকে।