আইসিডিডিআরবির গবেষণার তথ্য
অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবে বেশি মনোযোগী বেসরকারি হাসপাতাল
সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাভাবিক প্রসব এবং মাতৃত্বজনিত অন্যান্য জটিলতা নিরসনে বেশি তৎপর। তবে বেসরকারি হাসপাতাল স্বাভাবিক প্রসব বা অন্যান্য জটিলতা নিরসনের চেয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর বিষয়ে বেশি মনোযোগী। সরকারি হাসপাতালের চেয়ে এভাবে প্রসব করানোর সংখ্যা বেসরকারি হাসপাতালে প্রায় দ্বিগুণ।
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর ইক্যুইটি অ্যান্ড হেলথ সিস্টেম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জরুরি মাতৃ ও শিশুসেবা নিয়ে দেশের ২৪টি জেলায় সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিচালিত ২০১২ সালে করা এক গবেষণায় অস্ত্রোপচারের এ ধরনের চিত্র উঠে এসেছে। ২৪টি জেলায় যেসব স্বাস্থ্য অবকাঠামো আছে, সেখানকার জনবল, গুণগত সেবা দেওয়া, যন্ত্রপাতি কী কী আছে, ইত্যাদি বিষয় নিয়ে একটি নিড অ্যাসেসমেন্ট স্টাডির সংক্ষিপ্তসার জানানোর উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইসিডিডিআরবির গবেষণাটি কানাডা সরকার এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ এমএনএইচআই কার্যক্রমের আওতায় করা হয়েছে।
আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষণা এবং পলিসি ব্রিফ তৈরির সঙ্গে সম্পৃক্ত আইসিডিডিআরবির বিজ্ঞানী মাহবুব ইলাহী চৌধুরী, সহকারী বিজ্ঞানী শামীমা আখতার, যোগাযোগ বিশেষজ্ঞ লুম্বিনী রায়, মেডিকেল অফিসার তাপস কুমার বিশ্বাস প্রমুখ গবেষণায় উঠে আসা বিভিন্ন তথ্য নিয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালগুলোর ৯০ শতাংশেরই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বা সি-সেকশন আছে। তবে এদের এক-তৃতীয়াংশেরই রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা নেই। অথচ অস্ত্রোপচারের জটিলতা মোকাবিলার জন্য এটি থাকা আবশ্যক।
গবেষণার বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ২০১২ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পরিদর্শন করেন গবেষকেরা। এর আগের তিন মাসের বিভিন্ন তথ্য গবেষণায় উল্লেখ করা হয়েছে।