অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে গত মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের (সিজার) সময় শিউলী খাতুন (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি আত্রাই উপজেলার রায়পুর ডাঙ্গাপাড়া গ্রামের তারেক রহমানের স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ওই ক্লিনিক ভাঙচুর করেছে। এ সময় ওই ক্লিনিকের স্বত্বাধিকারী মাহতাব-ই-আলমকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
ক্লিনিকের আশপাশের তিনজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার দুপুরে অন্তঃসত্ত্বা শিউলির শারিরিক অবস্থা পরীক্ষা করার জন্য তাঁর স্বজনেরা তাঁকে মাহাতাব ক্লিনিকে নিয়ে আসেন। এ সময় ওই ক্লিনিকের মালিক চিকিৎসক মাহতাব-ই-আলম প্রসূতিকে দ্রুত ক্লিনিকে ভর্তি ও অস্ত্রোপচার করে সন্তান প্রসবের পরামর্শ দেন। চিকিৎসকের কথামতো স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাঁকে সেখানে ভর্তি করান। সন্ধ্যার পর মাহাতাব-ই-আলম অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানোর সময় শিউলী মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছোড়ে এবং ক্লিনিকটি ভাঙচুর করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, প্রসূতিকে অচেতন করার সঙ্গে সঙ্গে তিনি মারা যান। একই সঙ্গে পেটের শিশুটিও মারা যায়। মারা যাওয়া গৃহবধূর পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা না করায় মাহতাব-ই-আলমকে ওই রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।