অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে জন্ম হলো চার শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচার ছাড়াই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গত বুধবার একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। এদের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে। চার শিশুর মধ্যে তিনজনের ওজন ১ দশমিক ১ কেজি করে এবং অন্যজনের ওজন এক কেজি।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জসিম উদ্দিনের স্ত্রী শারমিন বেগম (২৬) এই চার সন্তানের জন্ম দিয়েছেন। জানা যায়, শারমিন এর আগেও দুবার দুটি করে যমজ শিশুর জন্ম দিয়েছেন। এদের মধ্যে প্রথম যমজ শিশু মারা যায়। পরের যমজের মধ্যে একজন বেঁচে আছে। শারমিনের স্বামী বিদেশে কর্মরত। একসঙ্গে চার শিশু জন্ম নেওয়ায় ওই পরিবারের সদস্যরা খুশি বলে শারমিনের এক খালা জানান।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে শারমিন একে একে চার শিশুর জন্ম দেন। মাত্র ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থেকে এসব শিশু ভূমিষ্ঠ হয়েছে। প্রিম্যাচিউরড (অপরিণত) হওয়ায় নবজাতকদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের নবজাতক (নিউনেটাল) ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুদের বিশেষ ব্যবস্থায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।নবজাতক ওয়ার্ডের প্রধান ওয়াজির আহমেদ বলেন, ‘সাধারণত ৩৭ থেকে ৪০ সপ্তাহে একটি সুস্থ ও পরিপূর্ণ শিশুর জন্ম হয়। ৩২ সপ্তাহে জন্ম নেওয়ায় এই চার শিশু “প্রিম্যাচিউরড”। এ ধরনের শিশুর বিশেষ যত্নের প্রয়োজন হয়। তবে বড় কথা হলো, এখনো ওরা ভালো আছে। আশা করি, ভবিষ্যতেও সুস্থভাবে বেড়ে উঠবে।’চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অস্ত্রোপচার ছাড়া একসঙ্গে চার শিশুর জন্ম নেওয়ার ঘটনা এ হাসপাতালে এটিই প্রথম। এর আগে এখানে একসঙ্গে তিনটি শিশুর জন্ম হয়েছিল।