অস্ত্রোপচার টেবিলে ইটের ঠেকনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাঁতসেঁতে মেঝে, দেয়ালের রং উঠে গেছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে। আলোস্বল্পতা আর অপরিচ্ছতায় কেমন ভুতুড়ে পরিবেশ চারপাশে। অস্ত্রোপচার টেবিলটির পায়া দুই বছর ধরে ভাঙা। ইটের ওপর ভর করে দাঁড়িয়ে আছে টেবিলটি। সেখানেই চলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের সময় ব্যবহূত লাইটের স্ট্যান্ডটির পায়ায় মরচে ধরেছে। পাশেই অপরিচ্ছন্ন বেশ কয়েকটি পানির জার। বালতিতে ময়লা-আবর্জনার অন্ত নেই। অনেকগুলো পানির বোতল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে অপরিষ্কার মেঝেতে। অস্ত্রোপচারের যন্ত্রপাতিও যত্রতত্র পড়ে আছে। এটি বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান বরগুনা জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের (ওটি) চিত্র। অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ টেবিলটি সম্পর্কে চিকিৎসা কর্মকর্তা হারুন আল রশীদ বলেন, ‘এটি বহুদিনের পুরোনো। ঢাকা থেকে টেকনিশিয়ান এনে মেরামতের চেষ্টা করা হয়েছে। তাঁরা পারেননি।’ চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, ১৯৯৭ সালে এই হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামোগত ও অন্যান্য সুবিধা না বাড়ায় আগের চেয়ে রোগীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ৫০ শয্যার হাসপাতালের জনবলকাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী ২১ জন চিকিৎসক থাকার কথা, কিন্তু আছেন মাত্র আটজন। এই আটজন চিকিৎসক দিয়ে ১০০ শয্যার হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্র জানায়, হাসপাতালে ৩৫ জন সেবিকার পদ থাকলেও সেখানে কর্মরত আছেন ২২ জন। এ ছাড়া হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দীর্ঘদিন ধরে মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী থাকায় পুরো হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভেঙে পড়েছে। বড় একটি হাসপাতালে তত্ত্বাবধায়কের পৃথক কোনো পদ না থাকায় প্রশাসনিক ও তদারকি কাজ ব্যাহত হয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে ঢোকার পথেই নালা দিয়ে সেপটিক ট্যাঙ্কের মলমূত্র বের হয়ে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়া অন্তর্বিভাগে ভর্তি থাকে প্রায় ১৫০-২০০ রোগী। অথচ হাসপাতালে চিকিৎসক মাত্র আটজন। চিকিৎসকেরা আরও জানান, প্রতিদিন তাঁরা ১২-১৪ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালন করেও রোগীদের সামাল দিতে পারছেন না। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী আ. ছালাম (৪০) বলেন, ‘বেয়ান (সকাল) অইতে লাইনে খাড়াইয়্যা রইছি। কোন সময় ডাক্তারের দেহা পামু কইতে পারি না।’ পুরুষ ওয়ার্ডে ভর্তি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী গ্রামের রোগী জাহাঙ্গীর হোসেন (৩৫) বলেন, ‘অসুস্থ হওয়ার পর গ্রামের চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি অইছিলাম। মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার না থাহায় ভালো চিকিৎসা পাই নায়। এহন ডাক্তারেরা বরিশাল যাইতে কয়। কিন্তু অত টাহা তো আমার নাই।’ জাহাঙ্গীর আরও বলেন, ‘হাসপাতালে দুর্গন্ধে থাকন যায় না। করমু কি মোরা তো গরিব মানুষ, মোগো যাওনের কোনো জায়গা নাই।’বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আ. সালাম বলেন, ‘প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। এরপর ভর্তি রোগী দেখা, ময়নাতদন্ত, ধর্ষণ পরীক্ষাসহ কত কাজ করতে হয় আমাদের। দিনরাত কাজ করেও সামাল দিতে পারছি না আমরা।’বরগুনার সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। মাত্র আটজন চিকিৎসক দিয়ে এত বড় একটি হাসপাতাল চালানো দুঃসাধ্য ব্যাপার। বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’