অস্ত্রোপচার টেবিলে মৃত রোগী রেখে পালালেন চিকিৎসকেরা
অস্ত্রোপচারের টেবিলে মৃত রোগী রেখে পালিয়ে গেছেন চিকিৎসকেরা। গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সেবিকা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।মৃত ওই ব্যক্তির নাম গোলাম আরেফীন (৪০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তাঁর স্বজনেরা অভিযোগ করেন, চিকিৎসকদের ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। আরেফিনের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, কয়েক দিন আগে তাঁর ভাইয়ের হাত ভেঙে গেলে সেবিকা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক হাফিজুর রহমানের তত্ত্বাবধানে তাঁর হাতে অস্ত্রোপচার করে লোহার পাত ঢোকানো হয়। গতকাল রাতে লোহার পাত খোলার কথা ছিল। হাফিজুরসহ কয়েকজন চিকিৎসক আরেফিনকে অচেতন করে পাত খোলার কাজ শুরু করেন। দীর্ঘক্ষণ পর তাঁরা জানতে পারেন, চিকিৎসকেরা রোগী ফেলে পালিয়ে গেছেন। পরে অন্য একজন চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে আরেফিনকে মৃত ঘোষণা করেন।গোলাম মোস্তফা অভিযোগ করেন, হাফিজুরসহ অন্য চিকিৎসকেরা ভুল চিকিৎসা দিয়ে আরেফিনকে মেরে ফেলেছেন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ স্বজনদের নিয়ন্ত্রণ করে। পুলিশ পৌঁছানোর আগেই ওই চিকিৎসকেরা পালিয়ে গেছেন। রোগীর স্বজনেরা লিখিত অভিযোগ দিলে লাশ ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালের কর্মকর্তা এম এম শাখাওয়াত হোসেন মুঠোফোনে দাবি করেন, চিকিৎসকেরা যথাযথভাবে ওই রোগীর চিকিৎসা করছিলেন। তবু মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে।