অস্ত্রোপচার বন্ধ এক যুগ ফিরে যাচ্ছে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। গাইনি, সার্জারি বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় এখানে এক যুগ ধরে বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ আছে। তাই এখানে চিকিৎসা না পেয়ে অনেক রোগী ফিরে যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সকে গত ৬ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে ২৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র আটজন। এত কমসংখ্যক চিকিৎসক দিয়ে উপজেলার দুই লাখ মানুষের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে জুনিয়র কনসালট্যান্ট শিশু, অর্থোপেডিক, চর্ম ও যৌন, অবেদনবিদ, নাক-কান-গলা, মেডিসিন, সার্জারির সাতটি এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ছয়টি চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ডেন্টাল সার্জন শামীমুর রহমান ২৫ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে রয়েছেন। গাইনি বিশেষজ্ঞ খুরশিদ জাহান ১৯ জুন যোগদান করে এক সপ্তাহের ছুটিতে গিয়ে আর ফেরেননি।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, সার্জারি ও অবেদনবিদ না থাকায় ২০০১ সাল থেকে এখানে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু চিকিৎসক-সংকটের কারণে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ী সদর হাসপাতালে পাঠাতে হয়।২২ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, দৌলতদিয়ায় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম মাইক্রোবাসের চালক পাংশা উপজেলার সেলিম প্রামাণিককে ২১ জুলাই রাতে তাঁর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অস্ত্রোপচার বন্ধ থাকায় এখানের চিকিৎসকেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ১৩ জুলাই দৌলতদিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন জখম হলে তাদের এ হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক না থাকায় তাদেরও দ্রুত ফরিদপুরে স্থানান্তর করা হয়।২১ জুলাই উজানচর নতুন পাড়া থেকে আসা গৃহবধূ সামিয়া ফারহানা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক জানান, এখানে এক যুগ ধরে সার্জারি বিশেষজ্ঞ ও অবেদনবিদের পদ শূন্য। ৫০ শয্যা চালু হওয়ার পর একজন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যোগদানের পরই ছুটি নিয়ে চলে গেছেন। ওই তিনটিসহ চিকিৎসকের অন্য পদগুলো পূরণের জন্য তিনি একাধিকবার সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।