অস্ত্রোপচার হয় না আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার পাঁচুরিয়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ দুজনই আছেন। আছে অস্ত্রোপচারের সব যন্ত্রপাতিও। কিন্তু আট বছর ধরে ওই কেন্দ্রে অস্ত্রোপচার বন্ধ। এতে ওই কেন্দ্রে সেবা নিতে আসা নারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
১৯৯৮ সালে পাঁচুরিয়ায় ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জেলায় এ রকম মা ও শিশুকল্যাণ কেন্দ্র আছে তিনটি।
পাঁচুরিয়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা প্রতিমা রানী ত্রিপুরা বলেন, জনবল থাকা সত্ত্বেও অ্যানেসথেসিয়া যন্ত্র নষ্ট থাকায় ২০০৬ সালের পর থেকে এখানো অস্ত্রোপচার বন্ধ আছে। তিনি বলেন, অস্ত্রোপচারের রোগীদের জন্য কিছু ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। কিন্তু সেসব ওষুধ পাঁচুরিয়া এলাকায় পাওয়া যায় না। এ ছাড়া অনেক সময় রক্তের প্রয়োজন হয়। অথচ এখানে ব্লাড ব্যাংক নেই। এসব নানা সমস্যার কারণে জনবল থাকা সত্ত্বেও এই কেন্দ্রে অস্ত্রোপচার করা যাচ্ছে না। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
কেন্দ্রের অবেদনবিদ পিন্টু কুমার ভট্টাচার্য বলেন, ২০০৬ ও ২০০৭ সালে এই কেন্দ্রে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ছিলেন না। সে সময় অস্ত্রোপচার না হওয়ায় অ্যানেসথেসিয়া যন্ত্রও বন্ধ ছিল। এ কারণে যন্ত্রটি কিছুটা নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে অস্ত্রোপচার বন্ধ আছে।
কেন্দ্রের সেবিকা কুমকুম মিত্র বলেন, এই কেন্দ্রে প্রতিদিন গড়ে দুই-তিনজন নারীর স্বাভাবিকভাবে সন্তান প্রসব হয়। যেসব প্রসূতির অস্ত্রোপচারের প্রয়োজন, তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোথাও পাঠানো হয়। তিনি বলেন, অস্ত্রোপচারের জন্য জনবলসহ সবকিছু থাকা সত্ত্বেও দুর্ঘটনার ভয়ে এখানে অস্ত্রোপচার করা হয় না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক শেখ রুকন উদ্দিন আহমদ বলেন, ওই কেন্দ্রের অস্ত্রোপচার কক্ষসহ বিভিন্ন কক্ষ গত জুন-জুলাইয়ে সংস্কার করা হয়েছে। অ্যানেসথেসিয়া যন্ত্রটিও ঠিক করা হয়েছে। ডিসেম্বর থেকে অস্ত্রোপচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।