অস্ত্রোপচারকক্ষে ভাষাসৈনিক মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাঁকে ওই কক্ষে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউরোসার্জারির অধ্যাপক আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল তাঁর অস্ত্রোপচার করছে। আজ সকাল পর্যন্ত তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল।
এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এর আগেও আবদুল মতিন একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এতে তাঁর মাথায় রক্ত জমাট বাঁধে। এখন সেখান থেকে হয়তো রক্তক্ষরণ হচ্ছে। তাঁর অবস্থা আগের মতোই আছে। তিনি সাড়া দিচ্ছিন না। তবে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।
গতকাল সকাল সোয়া ১০টার দিকে ভাষাসৈনিক মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্যোগে তাঁকে সেখানে নেওয়া হয়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত গতকাল প্রথম আলোকে জানান, আবদুল মতিনের অবস্থা সংকটজনক। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে আইসিইউতে রাখা হবে।

এর আগে গত সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পা অবশ হয়ে গেছে বলে সেখানকার চিকিত্সকেরা জানান।

আবদুল মতিনের পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজন এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু গতকাল প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুল মতিন। গত সোমবার দুপুরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে প্রথমে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।