অস্ত্রোপচারে প্রসব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান প্রসবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বা সি-সেকশনের (সিজারিয়ান) প্রবণতা বন্ধ করতে পারে ‘পার্টোগ্রাফ’ নামে একটি বিশেষ প্রসব ব্যবস্থাপনা। তবে বাধ্যবাধকতা ও নজরদারি না থাকায় এটি ব্যবহার হচ্ছে খুবই কম। তাই বাড়ছে সি-সেকশনের হার।
পার্টোগ্রাফ হলো এক পৃষ্ঠার ছাপানো একটি কাগজ। এই গ্রাফ পূরণ করে প্রসবকালীন অগ্রগতি এবং নবজাতকের শারীরিক অবস্থানের পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, মিডওয়াইফ, চিকিৎসকসহ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এই গ্রাফ পূরণ করতে পারেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রী ও প্রসূতি বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক লতিফা সামসুদ্দিন প্রথম আলোকে বলেন, পার্টোগ্রাফ একধরনের গাইডলাইন। গর্ভে সন্তানের অবস্থান, সন্তানের মাথা কোন দিকে আছে, মায়ের পেটের পানির রং কেমন—সবকিছু গ্রাফে দাগ দিতে থাকবেন দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ অন্যরা। গ্রাফই বলে দেবে প্রসব স্বাভাবিকভাবে হবে, নাকি অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
মেডিকেল ও নার্সিং কারিকুলামে পার্টোগ্রাফের বিষয়টি অন্তর্ভুক্ত। চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু এটি অনুসরণ করা হয় না। এই গ্রাফ ব্যবহারে বাধ্য করতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের কাছে এ-সংক্রান্ত কোনো পরিসংখ্যানও নেই।
আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, একটি দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বা সি-সেকশনের হার ১০-১৫ শতাংশের আশপাশে থাকা উচিত। কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (বিডিএইচএস) হিসাব বলছে, ২০১৪ সালে দেশে অস্ত্রোপচারে সন্তান জন্মদানের হার ছিল ২৩ শতাংশ। এক দশক আগেও ২০০৪ সালে এই হার মাত্র ৫ শতাংশ ছিল। এখন বেসরকারি হাসপাতালগুলোয় প্রায় ৮০ শতাংশ প্রসবই হচ্ছে সি-সেকশনের মাধ্যমে। সরকারি হাসপাতালে এই হার ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১টি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃস্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার পবিত্র কুমার শিকদার প্রথম আলোকে বলেন, সরকারি কিছু প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও পার্টোগ্রাফের তেমন কোনো ব্যবহার হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচি) ফাহমিদা সুলতানা বলেন, সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের পার্টোগ্রাফ প্রশিক্ষণ এবং তা সরবরাহের কর্মপরিকল্পনা করেছে সরকার।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান বলেন, অপ্রয়োজনীয় সি-সেকশনের গুরুতর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। পার্টোগ্রাফ ব্যবহার করে অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধ করা সম্ভব।
মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং স্ত্রী ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বেগম হোসনে আরা বলেন, গত বছর ইনস্টিটিউটে ৬ হাজার প্রসবের ৪ হাজারই হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, অনেক সময় মা নিজেও স্বাভাবিক প্রসবের চেয়ে অস্ত্রোপচারে যে ঝুঁকি বেশি থাকে তা বুঝতে পারেন না।