অস্ত্রোপচারে লিলির সাত বাচ্চা

অস্ত্রোপচারের মাধ্যমে সাতটি বাচ্চার জন্ম দিয়েছে লিলি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারে ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয়। মাসহ বাচ্চারা ভালোই আছে। লিলি রাজশাহী নগরের কাজীহাটা এলাকার বাসিন্দা আতিকুর রহমানের পোষা কুকুর।
গতকাল বুধবার দুপুরে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে গিয়ে দেখা যায়, একটি খাঁচার ভেতর সাতটি বাচ্চাসহ লিলিকে রাখা হয়েছে। তবে বাচ্চাগুলোর এখনো চোখ ফোটেনি। খাঁচার দরজা খুলে দেওয়া হলে মা কুকুরটি বাইরে এসে পানি খেয়ে শুয়ে পড়ল। এরপর বাচ্চারা এসে দুধ খেতে লাগল।
কুকুরটির অস্ত্রোপচার করেন উপপ্রধান ভেটেরিয়ান মো. হেমায়েতুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগে গর্ভবতী কুকুরটিকে তার মালিক নিয়ে এসে জানান, বাচ্চা হওয়ার পর কুকুরটির বন্ধ্যাকরণ করে নিতে চান। কারণ পরবর্তীতে কুকুরটির কাছ থেকে তাঁরা আর বাচ্চা নিতে চান না। ৪ সেপ্টেম্বর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কুকুরটিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের মাধ্যমে লিলির সাতটি বাচ্চা প্রসব করানো হয়।
কুকুরটির মালিক আতিকুর রহমান বলেন, আগেরবার কুকুরটি বাগানে বাচ্চা দিয়েছিল। তখন তার ছোট মেয়ে বাগানেই লিলির পরিবারকে খাবার দিত। বাচ্চাগুলোকে একসময় পাশের বাড়ির ছেলেরা মেরে ফেলে। তারপর থেকে লিলি যেন উন্মাদ হয়ে যায়। খাওদা-দাওয়া ছেড়ে সারাদিন কান্নাকাটি করত। একপর্যায়ে প্রতিশোধ নিতে সে পাশের বাড়ির মুরগি মারা শুরু করল। লিলি মুরগি মারলেও পোষা কুকুরের মালিক হিসেবে তাঁকে ক্ষতিপুরণ দিতে হতো। কুকুরটির বাচ্চা হলে আবার একই ঝামেলায় পড়তে হবে ভেবে তিনি বন্ধ্যাকরণের জন্য এটিকে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে নিয়ে যান। তখন ভেটেরিয়ানরা পরামর্শ দেন যে বাচ্চা প্রসবের সময় না হলে এ রকম ছোট প্রাণীদের বন্ধ্যাকরণ করা যায় না। তাই এবার বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অস্ত্রোপচারের জন্য ওষুধবাবদ তিন-চার হাজার টাকা খরচ হয়েছে।
এবারের বাচ্চাগুলো কী করবেন, জানতে চাইলে আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগেই বাচ্চাগুলোকে রেখে দেওয়া হবে। যত দিন না বাচ্চাগুলো বড় হচ্ছে, তত দিন ওর মা-ও ওখানে থাকবে। তিনি প্রতিদিনই একবার করে লিলিকে দেখতে যান।