অস্ত্রোপচারে শিশু জন্ম অস্বাভাবিক বেড়েছে
দেশে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্ম অস্বাভাবিক হারে বাড়ছে। প্রতি ১০০ শিশুর মধ্যে ২৩ শিশুর জন্ম হচ্ছে ‘সিজারিয়ান’, অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে। হাসপাতাল বা ক্লিনিকে ১০টির মধ্যে ৬টি শিশুরই জন্ম হচ্ছে এভাবে। এ ক্ষেত্রে ৮০ শতাংশ অস্ত্রোপচার হচ্ছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে।
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে—বিডিএইচএস)) ২০১৪-তে এ তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিডিএইচএস-২০১৪ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট) স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক দেশের সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য এই জরিপকাজ বাস্তবায়ন করেছে। মাঠপর্যায়ে উপাত্ত সংগ্রহ করেছে বেসরকারি প্রতিষ্ঠান মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস। জরিপে দেশের সব জেলার ১৭ হাজার ৩০০ পরিবারের তথ্য এবং ১৭ হাজার ৮৬৩ জন নারীর সাক্ষাৎকারভিত্তিক উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গর্ভধারণের সময় নানা কারণে (প্রসূতির পুষ্টি পরিস্থিতি, স্থূলতা, বয়স, বিশেষ রোগ) জটিলতা দেখা দিতে পারে। ১০০-এর মধ্যে সর্বোচ্চ ১৫টি গর্ভধারণে জটিলতা দেখা দেয়। তখন স্বাভাবিক প্রসব না-ও হতে পারে, হলেও নবজাতক বা মায়ের জীবনের ঝুঁকি দেখা দেয়। এসব ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হয়।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালে ৪ শতাংশ শিশুর জন্ম হতো অস্ত্রোপচারে। ২০০৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ শতাংশে। তিন বছর পর ২০১১ সালে তা ছিল ১৭ শতাংশ। আর বর্তমানে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। হাসপাতাল বা ক্লিনিকে প্রতি ১০টির মধ্যে ৬টি শিশুর জন্ম হচ্ছে অস্ত্রোপচারে।
জরিপের সঙ্গে জড়িত ছিলেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ড. আহমেদ-আল-সাবির। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রয়োজনের কথা বলছে, তার চেয়ে বেশি অস্ত্রোপচার হচ্ছে। অর্থাৎ দেশে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার হচ্ছে। এটা আরও বেশি স্পষ্ট হয় ধনী ও শিক্ষিত শ্রেণির সন্তান জন্মদানের ধারা বিশ্লেষণ করলে।
জরিপে দেখা গেছে, সমাজে সবচেয়ে শিক্ষিত ও ধনিক শ্রেণির ৫০ শতাংশ শিশুর জন্ম হচ্ছে অস্ত্রোপচারে। আহমেদ-আল-সাবির বলেন, ধনিক শ্রেণির মধ্যে ৩৫ শতাংশ প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্রোপচার হচ্ছে। বাংলাদেশে কেন শিশু জন্মে এত অস্ত্রোপচার দরকার হচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গর্ভবতী নারী বা তাঁর পরিবার মনে করে অস্ত্রোপচারে ঝুঁকি কম। কিছু ক্ষেত্রে চিকিৎসক ও হাসপাতাল অস্ত্রোপচারে প্ররোচিত করে। তবে অর্থ একটি বড় বিষয়। যার অর্থ নেই সে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করা তো দূরের কথা, দরকারের সময়ও সে করতে পারে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির ৯ শতাংশ অস্ত্রোপচারে সন্তান জন্ম দিচ্ছে। এই শ্রেণির মধ্যেও এ হার (বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী) ১৫ শতাংশ হওয়ার কথা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অধ্যাপক এবং অবসট্রেটিক অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারে কাটা-ছেঁড়া ও রক্তক্ষরণের কারণে মায়ের স্বাস্থ্যঝুঁকি বেশি থাকে। তাই প্রয়োজন ছাড়া অস্ত্রোপচারে যাওয়া উচিত না।
আহমেদ-আল-সাবির বলছেন, মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারের নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা দরকার, যেন কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনের বাইরে অস্ত্রোপচার না হয়। ফেরদৌসী বেগম বলেন, গর্ভে সন্তান কেমন আছে, তা নিয়মিত পর্যবেক্ষণের প্রযুক্তি সহজলভ্য করতে হবে, যেন অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের কথা বলার সুযোগ কেউ না পান।