অস্ত্রোপচারের অপেক্ষা করতে করতে মৃত্যু!
আম যেঁত্তে একখানা ফাক ধরের এঁত্তে আঁই এন্ডে ভর্তি অই। এহন সাত মাস ছলের। এহনও অফারেশন ন অয়ই। অফারেশনের জিনিসপত্র কিন্নি কোরবানির আগে।’ অর্থাৎ সাত মাস আগে আম যখন একটু একটু পাকছে, তখন আমি ভর্তি হই। এখনো অপারেশন হয়নি। অপারেশনের সরঞ্জাম কিনেছি কোরবানির ঈদের আগে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে সাত মাস আগে ভর্তি হওয়া (বেড ৫/এ) বাঁশখালীর দিনমজুর মোরশেদ আলম (৪৭) কথাগুলো বলেন।
তাঁর মতো অস্ত্রোপচারের জন্য এভাবে মাসের পর মাস অপেক্ষায় থাকতে হচ্ছে এই বিভাগের রোগীদের। অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে করতে অনেক রোগী মারাও যায় বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। শয্যার তিন গুণ রোগী এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে রোগীদের এই দুর্ভোগ। ৪০ শয্যার নিউরো সার্জারি বিভাগে গত সোমবার রোগী ভর্তি ছিল ১৩২ জন। এর আগের দিন ১২২ জন। কেবিনসহ মিলিয়ে এই সংখ্যা ১৫০ জন। এর মধ্যে অন্তত ৬০-৭০ জন রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘অস্ত্রোপচার করে শেষ করা যাচ্ছে না। অস্ত্রোপচারের জন্য দুই মাসও অপেক্ষা করতে হচ্ছে। সরকারিভাবে একমাত্র এখানেই নিউরো অপারেশন হয়। চট্টগ্রাম বিভাগের আটটি জেলার সব রোগী এটার ওপর নির্ভরশীল। তাই এখানে এত ভিড়। কিন্তু সে অনুযায়ী জনবল নেই।’
কামাল উদ্দিন আরও বলেন, ‘অস্বীকার করে লাভ নেই। অস্ত্রোপচারের অভাবে মৃত্যুর ঘটনাও নিত্যনৈমিত্তিক ব্যাপার।’
রোগী বাড়লেও চমেক হাসপাতালের এই ওয়ার্ডে বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসক রয়েছেন মাত্র চারজন। কোনো মেডিকেল কর্মকর্তা নেই। সংকট রয়েছে সেবিকারও। অনারারি ও ইন্টার্ন চিকিৎসকদের সহায়তায় জোড়াতালি দিয়ে চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে বলে জানান ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাখাল চন্দ্র বড়ুয়া।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী এখানে ভর্তি হন। এর মধ্যে বেশির ভাগই সড়ক দুর্ঘটনা, মারামারিজনিত। যেসব অস্ত্রোপচার জরুরি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।