অস্ত্রোপচারের এক মাস পরও অচেতন যুবকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ আগস্ট বিজিবির সিপাহি পদে সাক্ষাৎকার দিতে যাওয়ার কথা সাধন চন্দ্র দাসের (১৮)। কিন্তু বর্তমানে এই তরুণের দিন কাটছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায়, অচেতন অবস্থায়।এক মাসেরও বেশি সময় আগে নাকে অস্ত্রোপচার করা হয়েছিল সাধনের। অস্ত্রোপচারের জন্য তাঁকে অ্যানেসথেসিয়া দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। এর মধ্যে তিনটি হাসপাতাল বদল হয়েছে সাধনের।রংপুরে যে বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে, সেখানকার অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) বলছেন, ‘অ্যানেসথেসিয়ার সময় অনিচ্ছাকৃত ভুল হতেই পারে।’সাধনের বাড়ি নীলফামারীর সদর উপজেলার নটখানা গ্রামে। তিনি এ বছর নীলফামারী সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন।সাধনের পরিবার সূত্র জানায়, সংসারে অভাবের কারণে চাকরি করার সিদ্ধান্ত নেন সাধন। দুই মাস আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি পদে চাকরির জন্য পরীক্ষা দেন। ওই সময় সাধনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তবে তাঁর নাকের মাংস বেড়ে যাওয়ায় তাঁকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় বিজিবির মেডিকেল টিম। সাধনের পরিবার জানায়, গত বৃহস্পতিবার মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে সাধনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বিজিবি। আগামী ১১ আগস্ট তাঁর সাক্ষাৎকারের দিন ধার্য করা হয়েছে।পরিবার সূত্র জানায়, গত ৩ জুলাই রংপুর শহরের রোজ হাসপাতালে সাধনের নাকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন আবদুল ওয়াহেদ খান। আর অবেদনবিদ ছিলেন আবদুর রহমান। রোজ হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর সাধনের জ্ঞান না ফেরায় ও অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক বলেন, সাধনকে ২৩ দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখার পর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তিনি বলেন, পরিবারের লোকজন সাধনকে রংপুর নিয়ে যেতে চাইছিলেন। পরে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।সাধনের বড় ভাই রঞ্জন কুমার দাস বলেন, আর্থিক সংকটের কারণে ঢাকায় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তাই রোজ হাসপাতালে চিকিৎসার জন্য তাঁরা সাধনকে রংপুরে নিয়ে আসেন। তাঁর অভিযোগ, ঢাকা থেকে ফেরার পর রোজ হাসপাতাল কর্তৃপক্ষ সাধনকে হাসপাতালে ভর্তি করতে রাজি হয়নি। পরে তাঁরা সাধনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সাধনের স্বজনেরা বলেন, সাধনের চিকিৎসার বিষয়ে তাঁরা রোজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা খানম, চিকিৎসক আবদুল ওয়াহেদ খান ও অবেদনবিদ আবদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাধনের কৃষক বাবা সুরেশ চন্দ্র দাস অভিযোগ করেন, যোগাযোগ করতে গিয়ে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনের হাতে নাজেহাল হয়েছেন। উল্লেখ্য, রোজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা খানমের স্বামী অবেদনবিদ আবদুর রহমান।গত শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অচেতন অবস্থায় শুয়ে আছেন।হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন জানান, সাধনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাঁর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি।’এ ব্যাপারে রোজ হাসপাতালের চিকিৎসক আবদুল ওয়াহেদ খান প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচার ভালোভাবে হলেও কয়েক ঘণ্টা পর সাধনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’সাধনকে হাসপাতালে ঢুকতে না দেওয়ার ও তাঁর আত্মীয়স্বজনকে নাজেহাল করার অভিযোগ অস্বীকার করেছেন রোজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা খানম।অবেদনবিদ আবদুর রহমান বলেন, অ্যানেসথেসিয়ার সমস্যার কারণে সাধনের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে তাঁর জ্ঞান ফিরছে না। তিনি বলেন, অ্যানেসথেসিয়ার সময় অনিচ্ছাকৃত ভুল হতেই পারে।