অস্ত্রোপচারের জন্য টাকা দাবির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসক অস্ত্রোপচারের জন্য এক রোগীর ছেলের কাছে টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে গতকাল মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গত সোমবার ফরিদপুর প্রেসক্লাবে পাঠানো লিখিত অভিযোগে ভাঙ্গা উপজেলার সুকনী গ্রামের নির্মাণশ্রমিক শামসুল হক বলেন, গত ১৮ ডিসেম্বর তাঁর বাবা গফ্ফার মাতুব্বর (৬২) প্রস্টেট গ্লান্ডের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন। সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আহসান হাবিব ২১ ডিসেম্বর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেন এবং শামসুল হককে দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে রাখতে বলেন। ২১ ডিসেম্বর সকাল আটটার দিকে অস্ত্রোপচারের একপর্যায়ে চিকিৎসক জানান, শামসুলের সংগ্রহ করা রক্ত ভালো নয়। ওই দিন জরুরি ভিত্তিতে শামসুল রক্ত সংগ্রহ করে দেন। এরপর ওই চিকিৎসক জানান, সাত দিন পর রোগীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করতে হবে।গত ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য শামসুল ওই চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আহসান হাবিব বলেন, ৩৫ হাজার টাকা দেওয়া হলে এই হাসপাতালের বাইরে অন্য ভালো জায়গায় নিয়ে তাঁর বাবার অস্ত্রোপচার করে দেবেন। এ টাকা দিতে অপারগতা জানালে চিকিৎসক আর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেননি।অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে চিকিৎসক আহসান হাবিব দাবি করেন, ‘যে ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে আমার অস্ত্রোপচারের আগে বা পরে দেখাই হয়নি।’হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্তে গতকাল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট বিশ্বনাথ রায়কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।