রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ
অস্ত্রোপচারের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা
রবিন চন্দ্র প্রামাণিকের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। অস্ত্রোপচারের জন্য গত ফেব্রুয়ারির শুরুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি হন তিনি। অস্ত্রোপচারের জন্য তিন মাস অপেক্ষা করে এরই মধ্যে তিনি অন্ধ হয়ে গেছেন। এখন পর্যন্ত অস্ত্রোপচারের জন্য তিনি সিরিয়াল পাননি।
রবিন শুধু একা নন। এই বিভাগে তাঁর মতো অনেক দরিদ্র রোগীকে অস্ত্রোপচারের জন্য দিনের পর দিন তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে। সচ্ছল ব্যক্তিরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলে যাচ্ছেন।
চিকিৎসকেরা বলছেন, অবেদনবিদের সংকটের কারণে সপ্তাহে একজনের বেশি রোগীকে অস্ত্রোপচার করানো যাচ্ছে না। তবে অভিযোগ পাওয়া গেছে, রোগীদের বাইরের ক্লিনিকে যেতে প্ররোচিত করতে চিকিৎসকেরা হাসপাতালে অস্ত্রোপচারের সিরিয়াল দেন না। অপর দিকে অবেদনবিদ বিভাগের সহকারী অধ্যাপকেরা অস্ত্রোপচারের সময় দায়িত্ব পালন করেন না। এমনকি বিভাগীয় প্রধান অস্ত্রোপচার করলেও তাঁরা সহযোগিতা করেন না। শুধু জুনিয়র কনসালটেন্ট দিয়ে কাজ করানো হয়।
২৪ জুন হাসপাতালে গিয়ে কথা হয় জামশেদ আলীর (১৮) সঙ্গে। তিনি এসেছেন নওগাঁ থেকে। ১৭ জুন তিনি হাসপাতালের এই বিভাগে ভর্তি হয়েছেন। জামশেদ আলী বলেন, দুই মাস তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে। এই অসুস্থতা নিয়ে দুই মাস তাঁর পক্ষে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সম্ভব নয়। চিকিৎসকেরা বলছেন, ‘থাকতে না পারলে চলে যাও।’ এ কথা শোনার পর তাঁর বাবা মোজাম্মেল হক বাধ্য হয়ে পাঁচ কাঠা জমি বিক্রি করেছেন। এখন তিনি তাঁর ছেলেকে বাইরের কোনো ক্লিনিকে অস্ত্রোপচার করানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
চারঘাটের ঝিকরা গ্রাম থেকে এসেছেন দিনমজুর জাহান নূর। প্রথমে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের জন্য ১৬ দিন অপেক্ষা করেন। এর পরও সিরিয়াল না পেয়ে তিনি বাড়ি ফিরে যান। বাড়িতে ১৭ দিন থাকার পরে ১০ জুন আবার এসে ভর্তি হয়েছেন। তাঁকে বলা হয়েছে আড়াই মাস পর তাঁর পালা। জাহান বলেন, তিনি দিনমজুরির কাজ করেন। তাঁর বাইরে অস্ত্রোপচার করানোর মতো সংগতি নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, চিকিৎসকেরা যতই দুর্ব্যবহার করুক। তিনি হাসপাতাল ছাড়বেন না।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, মূলত অবেদনবিদের সংকটের কারণেই অস্ত্রোপচারের জন্য রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। রোগী রবিনের অন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, মস্তিষ্কের টিউমারের রোগীর এ রকম হতেই পারে। অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, তিনি সহকারী অধ্যাপকদের কাছ থেকে ক্লাস বুঝে নেবেন। এটাই নিয়ম। কিন্তু অস্ত্রোপচারের বিষয়টি বুঝে নেবেন অবেদনবিদ বিভাগের প্রধান।
অবেদনবিদ বিভাগের প্রধান ইনতেখাব আলম বলেন, সহকারী অধ্যাপকেরা দায়িত্ব পালন করেন না, এটা ঠিক না। তাঁদেরও অনেক দায়িত্ব রয়েছে। আসলে জুনিয়র লেভেলে লোকবল বাড়াতে হবে।