অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে একটি ক্লিনিকে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের কারণে রোববার বিকেলে টুম্পা খাতুন (২৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। টুম্পা হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদি গ্রামের মোহামঞ্চদ খোকন আলী শেখের স্ত্রী ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ইমাম জানান, এ ঘটনায় টুম্পার বাবা গণি মণ্ডল রোববার সন্ধ্যায় লিখিত অভিযোগ দেন। এরপর ক্লিনিকের মালিক মোহামঞ্চদ বুলু, অস্ত্রোপচারকারী খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব উদ্দীন ও তাঁর এক সহকারীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খোকনের ভাই সাহেব আলী জানান, রোববার দুপুরে টুম্পার প্রসবব্যথা উঠলে তাঁকে পাশের ‘জনসেবা’ নামক ক্লিনিকে নেওয়া হয়। সেখানে বিকেলে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারে সন্তান প্রসব হলেও টুম্পার রক্তক্ষরণ হতে থাকে। এ সময় চিকিৎসক তাঁকে দ্রুত রাজশাহী নেওয়ার কথা বলেন। তিনি অভিযোগ করেন, টুম্পার অস্ত্রোপচারের জায়গায় এলোপাতাড়ি ক্ষত চিহ্ন ছিল। ঠিকমতো সেলাই না করায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। কিছুক্ষণ পর বেলা তিনটার দিকে তিনি মারা যান।

কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার জানান, জনসেবা ক্লিনিকের নিবন্ধনের মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে গেছে। এটি অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল। গতকাল সোমবার সকালে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।